
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে রাজধানী সিউলে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে লক্ষাধিক লোক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে প্রেসিডেন্টের প্রাসাদ অভিমুখে বিক্ষোভকারিদের আসা প্রতিরোধে সেখানে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।পার্কের বন্ধু চই সুন-সিলকে কোন ধরনের অনুমোদন ছাড়াই সরকারি কাগজপত্র দেখার ঘটনায় প্রেসিডেন্ট অভিযুক্ত হন।এদিকে পার্ক বলেছেন, তিনি এমন ঘটনায় মর্মাহত।গত সপ্তাহে সিউলের কেন্দ্রস্থলে সমবেত বিক্ষোভকারিদের প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে এবং বিভিন্ন ব্যানার উপরে তুলে ধরতে দেখা যায়। তারা সেখানে যেসব ব্যানার তুলে ধরে তাতে ‘পার্ক গিউন চলে যাও’ এমন কথা লেখা ছিল।
পুলিশের ধারণা ওই সমাবেশে প্রায় ৪৫ হাজার লোক হয়েছিল। তবে বিক্ষোভের আয়োজকরা জানান, বিক্ষোভে প্রায় দু’লাখ লোক অংশ নেয়।
পার্ক বলেন, এ ঘটনায় তিনি এককভাবে দায়িত্ব নিচ্ছেন। তিনি বিষয়টি তদন্ত করবেন।অপরদিকে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানি থেকে জোরপূর্বক বিপুল অর্থ আদায়ের চেষ্টা করায় চইকে অভিযুক্ত করা হয়। জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে আটক রাখা হয়েছে। পার্কের সঙ্গে থাকা বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করার অভিযোগে তাকে গত সপ্তাহে আটক করা হয়।এদিকে পার্ক বিষয়টি জানার পর ক্ষমা চেয়ে বলেছেন, ‘ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তার অগাধ বিশ্বাস রয়েছে। কিন্তু যা ঘটেছে তা আমি অতটা গভীরভাবে দেখিনি।’
তিনি বলেন, ‘এখন বিষয়টি নিয়ে চিন্তা করায় রাতে আমার ঘুম হচ্ছে না। এখন আমি উপলব্ধি করতে পারছি যে, এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। জনগণকে আস্থায় আনা এখন আমার জন্য অনেক কঠিন হবে।’তিনি বলেন, কেউ ভুল করলে তাকে শাস্তি পেতেই হবে। তিনি প্রসিকিউটরদের মাধ্যমে ঘটনাটি তদন্ত করাতে প্রস্তুত রয়েছেন।এদিকে প্রসিকিউটররা জানান, তারা আনুষ্ঠানিক তদন্ত আরো জোরদার করেছেন।