
নিউজ ডেস্ক: ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি করেছে কলম্বিয়ার সরকার। গণভোটে পূর্বের চুক্তিটি বাতিল হওয়ার ছয় সপ্তাহ পর নতুন করে এই চুক্তি করল তারা। এর আগে করা চুক্তিটির বিপক্ষে 'না' ক্যাম্পেইন চালানো সাবেক প্রেসিডেন্ট আলভেরো উরিবে এবারের চুক্তি আলোচনায় সংযুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে ৫২ বছর ধরে চলা গেরিলা যুদ্ধের অবসান হবে।
এর আগের চুক্তিটি বামপন্থি গেরিলাদের পক্ষে অবস্থান করছিল বলে অভিযোগ উত্থাপন করা হয়। নতুন এই চুক্তিটিকে এখনও সরকারিভাবে অনুমোদন দেয়া হয়নি। জানা যায়, পার্লামেন্টের মাধ্যমে চুক্তিটি অনুমোদন দেয়া হবে। তবে এবার চুক্তিটি কোন গণভোটে যাবে না বলে নিশ্চিত করেছে সরকারি বেশ কিছু সূত্র।
উভয় পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে জানানো হয়, অস্ত্র যুদ্ধ বন্ধে আমরা নতুন একটি সমঝোতায় পৌঁছেছি। চুক্তিটিতে কিছু পরিবর্তন, ব্যাখ্যা সংযোজন এবং বেশ কিছু সামাজিক গোষ্ঠীর অবদানের কথা স্থান পেয়েছে। বিবৃতিটি কিউবা ও নরওয়ের কূটনীতিক পাঠ করেন। এই দুই দেশের মধ্যস্থতায় চুক্তিটিতে মেনে নেয় কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠী। কিউবার রাজধানী হাভানায় এই আলোচনায় হয়।