
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি মাজারে শনিবারের বোমা হামলায় জীবিতরা ঘটনার ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন। এই হামলায় বহু পরিবার তাদের প্রিয়জন হারানোর বেদনা নিয়ে শোক প্রকাশ করছে। এই হামলায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে।শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সূফি মাজারে এ হামলা চালানো হয়। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলায় দায়িত্ব স্বীকার করেছে।
প্রচন্ড শক্তিশালী এই বিস্ফোরণে বহু নারী ও পুরুষ হতাহত হয়েছে। এক কিশোর আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সূফি শাহ্ নূরানির মাজারে প্রতিদিন সন্ধ্যার আগে সূফি নাচ ‘ধামাল’ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের মতো শনিবারও এই নাচের অনুষ্ঠান চলাকালে হামলাটি চালানো হয়।মাজারটি গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
২৫ বছর বয়সী মোহাম্মাদ শেহজাদ বলেন, ‘বিস্ফোরণের ধাক্কাটা ছিল এতোটাই শক্তিশালী যে মানুষ উড়ে গিয়ে বহু দূরে ছিটকে পড়ে। এ সময় আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে ছুটতে শুরু করে। তারা আতঙ্কে চিৎকার করছিল ও পরিবারের সদস্যদের খুঁজছিলো।’
তিনি ১২০ জনের জিয়ারতকারীদের একটি দলের সঙ্গে মাজারে আসেন।
সূফি শাহ্ নূরানীর এই ভক্ত আরো বলেন, ‘শিশুরা তাদের বাবা-মাকে খুঁজছিল। মানুষ তাদের ভাই-বোনদের খুঁজছিলো। তবে সমস্বরে সবাই চিৎকার চেঁচামিচি করায় কেউই কারো কথা শুনতে পারছিলো না।’এই ঘটনায় ১০৫ জন আহত হয়েছে। এটা চলতি বছর পাকিস্তানে ৪র্থ ভয়াবহ হামলা।
সূফি শাহ্ নূরানীর অনেক ভক্ত দোয়া পেতে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাজার জিয়ারত করতে আসেন। ইসলাম ধর্মের একটি শাখা সূফিজমের বিশ্বাস অনুযায়ী তারা এ ধর্মীয় আচার পালন করেন।চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলো সূফিজমের কট্টর বিরোধী।পাকিস্তানের সুফিজমের মাজারগুলোতে নারীরা বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নিতে পারেন। যদিও কখনো কখনো নারী ও পুরুষের মধ্যে দেয়াল থাকে। দেশটির অধিকাংশ মসজিদগুলোতেই নারীদের প্রবেশ করতে দেয়া হয়না।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গম অঞ্চলে অবস্থিত মাজারটিতে উদ্ধারকর্মীদের পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। এ কারণে সেখানকার পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
মাজারটি আশপাশের গ্রামগুলো থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পাহাড়ের ওপর অবস্থিত। সেখানে মোবাইলের নেটওয়ার্ক দূর্বল।
হাফিজ আলী নামের ২৮ বছর বয়সী এক অটো মেকানিক বলেন, ‘আমরা হামলার মাত্র ৫ মিনিট আগে মাজার ত্যাগ করি। আমরা রাতের খাবারের ব্যবস্থা করতে যাই। আমরা পাহাড়ের অন্য একটি স্থানে ছিলাম। আমরা দূর থেকেই নাচ দেখতে পাচ্ছিলাম। এমন সময় বিস্ফোরণটি ঘটে।’
তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারলাম যে সেখানে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। আমরা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে চারপাশে লাশ পড়ে থাকতে দেখি। এদের অধিকাংশই শিশু।’প্রদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, একজন কিশোর আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা হামলাকারীর দেহের ছিন্নাংশ পেয়েছি। তার বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।’পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করছে।