News71.com
 International
 14 Nov 16, 12:45 PM
 319           
 0
 14 Nov 16, 12:45 PM

প্যারিস হামলার এক বছর।। ফ্রান্সে বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ

প্যারিস হামলার এক বছর।।  ফ্রান্সে বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি ছিল গতকাল। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেছে ফ্রান্স। যে ছয়টি স্থানে হামলা চলেছিল, তার প্রতিটি স্থানেই উপস্থিত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে।

এদিকে, ওই হামলার পর ফ্রান্সে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়তে যাচ্ছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। ‘গণতন্ত্রের সুরক্ষার জন্য’ এটা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

গত বছরের ১৩ই নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলা চালায় আইএস। গোটা ফ্রান্সকে শোকস্তব্ধ করে দিয়ে চালানো ওই হামলায় ১৩০ জন প্রাণ হারান। গতকাল ছিল ওই হামলার এক বছরপূর্তি। তা রাষ্ট্রীয়ভাবেই স্মরণ করে ফ্রান্স। প্রেসিডেন্ট ওঁলাদে স্টেড ডি ফ্রান্স থেকে শুরু করে বাটাক্ল্যান কনসার্ট হল- যে ছয়টি স্থানে সিরিজ হামলাটি চালানো হয়েছিল তার প্রতিটিতেই উপস্থিত হয়ে ওই দিন প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফরাসি প্রেসিডেন্ট। তার সঙ্গে ছিলেন প্যারিসের মেয়র অ্যান হাইডালগো। তবে এসব অনুষ্ঠানে কথা বলেননি ওঁলাদে।

আরও বলেছেন, তিনি ওই হামলার শিকার ব্যক্তিদের স্মরণেই মনোযোগী থাকবেন। স্টেড ডি ফ্রান্সে হামলায় নিহত ম্যানুয়েল ডিয়াজের সন্তান বলেন, তার বাবা ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত। তিনি সঠিকভাবেই প্রমাণ করে গেছেন যে বিভিন্ন জাতিগোষ্ঠীর একীভূত হয়ে সহাবস্থান সম্ভব। তিনি বলেন, ‘সহিষ্ণুতা দীর্ঘজীবী হোক, বুদ্ধিমত্তা দীর্ঘজীবী হোক, ফ্রান্স দীর্ঘজীবী হোক।’ বাটাক্ল্যান কনসার্ট হলে নিহতদের উদ্দেশ্যে বেলুন ওড়ানো হয়। ওই হামলার পর থেকে এই কনসার্টটি বন্ধই ছিল।

শনিবার, প্যারিস হামলার বর্ষপূর্তির ঠিক আগের সন্ধ্যায় বৃটিশ শিল্পী স্টিংয়ের একটি কনসার্টের মাধ্যমে পুনরায় খুলে দেয়া হয় কনসার্ট হলটি। স্টিং কনসার্টে আগত শ্রোতা-দর্শনার্থীদের বলেন, হারানো সবার প্রতি সম্মান দেখিয়েই জীবন উদযাপন করতে হবে। প্যারিস হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন