News71.com
 International
 15 Nov 16, 04:43 PM
 286           
 0
 15 Nov 16, 04:43 PM

সুপারমুনে মুগ্ধ বিশ্ববাসী

সুপারমুনে মুগ্ধ বিশ্ববাসী

আন্তর্জাতিক ডেস্ক : ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে/উছলে পড়ে আলো...।’ বিশ্বকবি রবীন্দ্রনাথের এই হৃদয়ছোঁয়া গানের সার্থকতা গতকাল সোমবার আবারো প্রমাণিত হয়েছে। ৬৮ বছর পর গতকাল রাতে পৃথিবীবাসী আবারো দেখেছেন সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদ। ইংরেজিতে যাকে বলে সুপারমুন। আর সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদের বাঁধভাঙা আলোর উদ্ভাসনে ভেসে গেছে বিশ্বের কোটি মানুষ।এশিয়া থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে ইউরোপসহ গোটা বিশ্বের মানুষ কিছুক্ষণের জন্য সব ব্যথা, বেদনা, কষ্ট ভুলে গিয়ে মেতেছিল সুপারমুনের সৌন্দর্যে। যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ সুপারমুন দেখতে বড় বড় অট্টালিকার ছাদে ওঠেন। কেউ কেউ সমুদ্র সৈকতে গিয়ে সুপারমুনের সৌন্দর্য উপভোগ করেন।সুপারমুন প্রথমে দেখা যায় এশিয়ার আকাশে। অস্ট্রেলিয়ার সিডনির পূর্বাঞ্চলের ব্রন্টি এলাকা এ উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়। হাজার হাজার মানুষ সুপারমুন দেখতে বাইরে বেরিয়ে আসেন। অনেকে সুপারমুনের ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন।

হংকংয়ে হাজার হাজার পর্যটক, শ্রমিক ও দম্পতি সুপারমুনের উজ্জ্বল আলো উপভোগ করেছেন। চীনের রাজধানী বেইজিংয়ে বহুতল ভবনের ছাদে উঠে বহু মানুষ সুপারমুন দেখেছেন।ভারত,থাইল্যান্ড, বাংলাদেশ, মিয়ানমারসহ এশিয়ার বিভিন্ন দেশে সুপারমুন দেখতে মানুষ বাসস্থানের বাইরে বের হয়ে আসেন। অনেকে বাড়ির ছাদ, বারান্দা ও সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দেখেছেন সুপারমুন। চাঁদের অপার সৌন্দর্যের মুহূর্তটি উপভোগের জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। চাঁদের মাতাল করা স্নিগ্ধ আলো কেউ উপভোগ করেছেন দলবেঁধে, কেউবা নিভৃতে একান্ত আপন করে।
৬৮ বছর পর গতকাল পৃথিবীবাসী আবারও দেখল এ ‘সুপারমুন’। চাঁদের এ রকম উজ্জ্বলতম রূপ শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। আবার দেখা যাবে ১৮ বছর পর, ২০৩৪ সালের ২৫ নভেম্বর। ঢাকার সময় সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে পূর্ব আকাশে দেখা যায় যেকোনো সময়ের চেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ।

জ্যোতির্বিদেরা বলেছেন, গতকাল পৃথিবীর ৩ লাখ ৫৬ হাজার ৫০৯ কিলোমিটারের মধ্যে এসে পড়ে চাঁদ। ব্যতিক্রমী এবং বড় আকারের এই চাঁদ সুপারমুন নামে পরিচিত। সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘পেরিজি মুন’। পেরিজি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন একে সুপারমুন বলা হয়।নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীকে ঘিরে চাঁদের যে কক্ষপথ রয়েছে তার আকৃতি ডিম্বাকার হওয়ায় কক্ষপথে প্রদক্ষিণ করার সময় চাঁদ কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে, আবার কখনো অনেক দূরে চলে যায়। চাঁদ যখনই পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন তা পৃথিবী থেকে খুব উজ্জ্বল দেখায়।যুক্তরাষ্ট্রে সোমবার ভোরের দিকে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোমবার রাতে সুপারমুন দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন