
নিউজ ডেস্ক : রাজধানীর ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি তৎপরতার নিরাপদ স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ ও মাদ্রাসা রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব প্রতিষ্ঠানে জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ করাসহ মৌলবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরাও জড়িত রয়েছেন। অনেকের বিরুদ্ধে জঙ্গিবাদের পক্ষে বিভিন্ন উসকানিমূলক কাজে ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য সংবলিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান ইত্তেফাককে বলেন, এরকম একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে বলে তিনি জানান। গতকাল মঙ্গলবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটি তারা পেয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক শাখা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত শাখাগুলো থেকে সচিব পর্যায়ে কোনো তথ্য পাঠানো হয়নি। অবশ্য দাবি করা হয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নজরদারিতে আছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ে নজরদারি করার মতো কোনো জনবল নেই। তারা শুধু তদন্ত করে দায়ী শিক্ষার্থী বা শিক্ষকের বিরুদ্ধে, এমনকি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় ওইসব প্রতিষ্ঠানের বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে তা ফিরতি চিঠিতে জানানোর কথা রয়েছে। তবে গতকাল পর্যন্ত এ ধরনের কোনো চিঠি তারা পাননি।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, মৌলবাদ বা জঙ্গিবাদ উদ্বুদ্ধ করতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে তত্পরতা চলছে সেগুলো হলো: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ (ফ্যাকাল্টি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যমের আগা খান স্কুল (উত্তরা), স্কলাসটিকা, লেকহেড গ্রামার স্কুল (ধানমন্ডি, বনানী ও মোহাম্মদপুর), তামিরুল মিল্লাত মাদ্রাসা (মীর হাজিরবাগ ও যাত্রাবাড়ী), মসজিদুল মোমেন জামে মসজিদ মাদ্রাসা (মিরপুর-১০), দারুল উলুম রহমানিয়া মাদ াসা (নিউ মার্কেট), আল আমিন মসজিদ মাদ্রাসা (মোহাম্মদপুর), আহলে হাদিস মসজিদ মাদ্রাসা (আবদুল্লাহপুর), জামিয়া নুরিয়া মাদ াসা (ডেমরা), লালবাগ জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদ াসা, বসুন্ধরা মসজিদ মাদ াসা (বসুন্ধরা আবাসিক এলাকা), মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা (মোহাম্মদপুর), কামরাঙ্গীরচর মাদ্রাসা ও জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসা (মিরপুর সাড়ে এগারো)।