আন্তর্জাতিক ডেস্ক: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন না আমেরিকার সংগীত শিল্পী ও গীতিকার বব ডিলান। রয়্যাল সুইডিশ একাডেমিতে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে তিনি তার অপারগতার কথা জানিয়েছেন।
বুধবার একাডেমির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। নোবেল পুরস্কার পাওয়ার ১৪ দিন পর গত ২৯ অক্টোবর টেলিফোন করে পুরস্কার গ্রহনের কথা জানিয়েছিলেন। তিনি পুরস্কার নেবেন কিনা তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।
চিঠিতে তিনি জানিয়েছেন, তার পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানে যেতে হবে। সেই কারণে তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে পারছেন না। পরে ব্যক্তিগতভাবে তিনি পুরস্কারটি গ্রহণ করবেন। একাডেমি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
সুইডেনের স্টকহোমে প্রতিবছর ১০ ডিসেম্বর পুরস্কার প্রবর্তনকারী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়।