নিউজ ডেস্ক: মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারহীনতার অবসানে রোম স্ট্যাচু এবং আন্তর্জাতিক অপরাধ আদালত-এর প্রতি সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দি হেগ-এ অনুষ্ঠিত আইসিসি’র সদস্য দেশসমূহের ১৫তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের এই সমর্থনের কথা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মো. শাহরিয়ার আলম আইসিসি’র এই অধিবেশনকে অবহিত করেন যে, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারহীনতার সংস্কৃতির অবসানে বাংলাদেশ আমাদের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িতদের বিচার পরিচালনা করছে।
রোম স্ট্যাচুটের নীতি ও আদর্শের আলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক মানসম্পন্ন আদালতে এই বিচার কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রার সৃষ্টি করেছে মর্মে তিনি উল্লেখ করেন।
যুদ্ধকালীন সময়ে যৌন অপরাধ এবং লিঙ্গভিত্তিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশের প্রত্যয়ের কথা তুলে ধরে মো. শাহরিয়ার আলম উল্লেখ করেন যে, এ ধরণের অপরাধকারীদের বিচারের সম্মুখীন করা, যথাযথ বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বাংলাদেশ তার অভিজ্ঞতা বিনিময়ে সর্বদা প্রস্তুত।
তিনি উল্লেখ করেন যে, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে নিগৃহীত এবং অত্যাচারিত নারীদের যথাযথ সম্মান প্রদর্শনের নিমিত্তে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শাহরিয়ার আলম আন্তর্জাতিক আদালতের ট্রাস্ট ফান্ড ফর ভিকটিম (Trust Fund for Victims) এ বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে অধিবেশনকে অবহিত করেন যে, পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় অপরাধের শিকার জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তনের উদ্দেশ্যে বাংলাদেশ দ্য হেগ ওয়ার্কিং গ্রুপ ফ্যাসেলিটেটর ফর ভিকটিমস (The Hague Working Group Facilitator for Victims)–এর সভাপতির দায়িত্ব
পালন করছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিসি’র সদর দপ্তরে ভৌগলিক এবং লিঙ্গ ভিত্তিক সমতা নিশ্চিতকরণ এবং স্বল্পোন্নত দেশসমূহ থেকে ইন্টার্নশিপ ও পেশাগত প্রোগ্রামে আগতদের জন্য বিশেষ সহায়তা প্রদানেরও আহ্বান জানান।
অধিবেশনে যোগদানের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিসি’র প্রেসিডেন্ট, সাধারণ অধিবেশনের সভাপতি এবং আইসিসি’র প্রসিকিউটরের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেন।