আন্তর্জাতিক ডেস্ক: এভারেস্ট শৃঙ্গ জয় করার মিথ্যা দাবি করে চাকরি খুইয়েছেন এক কনস্টেবল পুলিশ দম্পতি। গালগল্প মাত্রা ছাড়ানোয় তাদের বরখাস্ত করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ।
৫ জুন নেপালে এক সংবাদ সম্মেলন করে পুনের শিবাজিনগর থানার কনস্টেবল দম্পতি দীনেশ ও তারকেশ্বরী রাঠৌড় দাবি করেন, প্রথম ভারতীয় দম্পতি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছেন তারা। ২৩ মে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন তারা।
কিন্তু কয়েকজন শেরপা তাদের এই দাবি খণ্ডন করেন। তারা বলেন, 'মিথ্যা বলছেন রাঠৌড় দম্পতি। তারা এভারেস্টে ওঠার ছবি কম্পিউটারে কারসাজি করে তৈরি করেছেন।
IMG0 এর পরই নড়েচড়ে বসে পুলিশ। খোঁজ শুরু হয় ওই দম্পতির। কিন্তু আশ্চর্যজনকভাবে লাপাত্তা হয়ে যান তারা।
এ ব্যাপারে মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে নেপাল সরকারের কাছে তথ্য চাওয়া হয়। সেই তথ্য পৌঁছানোর আগেই বিভাগীয় তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় ও গা ঢাকা দেওয়ায় রাঠৌড় দম্পতিকে বরখাস্ত করা হয়, জানিয়েছেন পুনের ডেপুটি পুলিশ কমিশনার অরবিন্দ ছাবড়িয়া।