
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা প্রতারণা মামলা মীমাংসা করতে রাজি হয়েছেন। এই ঝামেলা চুকাতে তিনি ২ কোটি ৫০ লাখ ডলার দেবেন। পরবর্তী আইনি জটিলতা এড়াতে তিনি এই পদক্ষেপ নেন।
এএফপির খবরে জানানো হয়, ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ওই প্রতারণা মামলা করেছিলেন। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় করা ওই মামলার অভিযোগে বলা হয়, প্রশিক্ষণের নামে জোচ্চুরি করে তাঁদের কাছ থেকে ৩৫ হাজার ডলার নেওয়া হয়েছিল।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান বলেন, আজকের আড়াই কোটি ডলারের মীমাংসা চুক্তিটি প্রতারণার শিকার ছয় হাজার শিক্ষার্থীর বড় বিজয়। এই চুক্তি অনুসারে প্রত্যেকে ক্ষতিপূরণ পাবেন। শিক্ষা আইন ভঙ্গ করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।