
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার রাতে পেরুতে পৌঁছেছেন। এটি তার আট বছরের মেয়াদকালের শেষ বিদেশ সফর। এদিকে তাকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে প্যাসিফিক জোট নেতাদের অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
ওবামা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের আগে আগে লিমার জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ওই সম্মেলনে ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ওবামা ট্রান্স-প্যাসিফিক বাণিজ্যিক চুক্তির আওতায় থাকা ১২টি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, ট্রাম্প এই চুক্তির বিরোধী হওয়ায় এখন এর ভবিষ্যত অনিশ্চতার মুখে পড়েছে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা তথাকথিত ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) পাস হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করলেও ওবামা এ ব্যাপারে নীতিমালা প্রণয়নে নতুন প্রেসিডেন্টকে সময় দিতে নেতাদের প্রতি আহবান জানাবেন।