
আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের এক অভিবাসন প্রত্যাশী শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরীর একটি ব্যাংকে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকে আগুন ছড়িয়ে পড়ে।
২১ বছর বয়সী ওই ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাহারায় তার চিকিৎসা চলছে। ওই ঘটনায় আরো ২৬ জন আহত হয়েছে। ৩ বছর আগে নৌকায় চড়ে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছলে তাকে আটক করা হয়। পরে আটককেন্দ্র থেকে তাকে ছেড়ে দেয়া হয়।
বুধবার ওই লোক ব্যাঙ্কে কল্যাণ ভাতা তুলতে যায়। গিয়ে দেখে তার অ্যাকাউন্টে ভাতা জমা হয়নি। লোকটির তার বন্ধুদের কাছে নূর হিসেবে পরিচিত। সে মেলবোর্নের উপকণ্ঠ স্প্রিংভ্যালীর কমনওয়েলথ ব্যাংকে গ্যাসোলিনের সাহায্যে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনায় তার আশপাশে থাকা ৫ জন পুড়ে যায় ও ধোঁয়ার কারণে আরো ২১ জনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরিবারবিহীন শিশু হিসেবে নূর অস্ট্রেলিয়ায় পৌঁছে। সে শরণার্থী ভিসার জন্য অপেক্ষা করছিলো। নূর আংশিক রোহিঙ্গা। সে মায়ানমারের দক্ষিণাঞ্চলে বাস করতো। মায়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের এই বাসিন্দাদের দেশটির সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। মায়ানমার সরকার তাদের অবাধ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে।
তাকে মেলবোর্নে স্থানান্তর করার আগে ভারত মহাসাগরের ক্রিসমাস দ্বীপের শরণার্থী শিবিরে আটক রাখা হয়। অস্ট্রেলিয়ান বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হাবিব হাবিব মেলবোর্ন এজ পত্রিকাকে বলেন, ‘লোকটি অর্থ কষ্টে ছিলো।’ অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বার্নাবি জয়সে এই ঘটনায় আহতদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।