
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে শনিবার এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। তবে সরকারপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধার আশংকা করা হচ্ছে।
গত ১৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো শীর্ষ সংস্কারপন্থী সংগঠন বারশি দুর্নীতির অভিযোগে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করতে এ বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ নাজিব শিশু সংক্রান্ত একটি বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়েছেন।
তবে ‘রেড শার্ট’ পরা সরকারপন্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী ‘ইয়োলো শার্ট’ পরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতিহত করার হুমকি দিলে সম্প্রতি উত্তেজনা তৈরি হয়।
সরকার সমাবেশের কয়েক ঘন্টা আগে দুই পক্ষের নেতাদের গ্রেফতার করলেও তা পরিস্থিতিকে আরো উস্কে দেবে কি-না তা স্পষ্ট নয়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। গতরাতেই রাজধানীতে কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে রাজধানী ও এর আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
জনৈক বিক্ষোভকারী দেরেক ওং (৩৮) বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’
তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’
নাজিব অবশ্য কোন ধরনের দুর্নীতি করার অভিযোগ প্রত্যাখান করেছেন।