আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে হলুদ শার্ট পরা হাজারো মানুষ সমবেত হয়েছে। বিনিয়োগ ফান্ড ওয়ানএমডিবি ফান্ডের শতকোটি ডলারের দুর্নীতির অভিযোগে পদত্যাগ চাইছে বিক্ষোভকারীরা।
পুলিশের নিষেধাজ্ঞা ও গ্রেফতারের হুমকির মধ্যেও বিক্ষোভকারীদের টলানো যায়নি। নাজিব রাজ্জাক তার একটি ব্লগপোস্টে এই বিক্ষোভের আয়োজক গ্রুপ বেরসিহকে শঠ সংগঠন বলে অভিহিত করেছেন। তার মতে বেরসিহকে ব্যবহার করে বিরোধী দলগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।
কিন্তু তার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বেরসিহ এর ডেপুটি চেয়ারম্যান শাহরুল আমান শারি মালয়েশিয়ার জাতীয় মসজিদ প্রাঙ্গনে সমবেত মানুষদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের দেশকে বিপদে ফেলতে এখানে আসিনি। আমাদের দেশকে আমরা ভালোবাসি। আমরা সরকার পতনের দাবিতে নয় এটিকে শক্তিশালী করার দাবিতে এসেছি।
উল্লেখ্য, ১৫ মাসে দ্বিতীয়বারের মতো নাজিব রাজ্জাকের পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করলো বেরসিহ। মালয় ভাষায় বেরসিহ শব্দের অর্থ ‘পরিষ্কার’। নাজিব বিরোধীরা হলুদ শার্ট পরিধান করে এবং তার সমর্থকরা লাল শার্ট পরিধান করে।