আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভূমি জরিপ গবেষণা অনুসারে জাপানের ফুকুশিমায় ৬.৯ মাত্রার (জাপানের হিসেব অনুসারে ৭.৪ মাত্রার) একটি ভূমিকম্প আঘাত হানার ৪৮ ঘণ্টা পর আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে একই স্থানে। এবার অবশ্য রিখটার স্কেলে ভূমিকম্পটি ছিল দুর্বল। ৫.৬ মাত্রার এই ভূমিকম্প ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে আঘাত হেনেছে বলে জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থাটি।
জাপানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ছয়টার দিকে ফুকুশিমার কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর উপকূলে সুনামি আঘাত হানে। এ সময় সাগরের পানির উচ্চতা ছিল এক মিটার (৩ দশমিক ৩ ফুট)। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সেখানে তিন মিটার উঁচু সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তবে অবশেষে সেখানে অপেক্ষাকৃত ছোট আকৃতির ঢেউ আঘাত হানে।
ভূমিকম্পের পর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কয়েক জন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ২০১১ সালে জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির আঘাতে ১৮ হাজার মানুষ প্রাণ হারায়। সেসময় ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭ দশমিক ৩ বললেও পরে জানায়, এর তীব্রতা ছিল ৬.৯। তবে জাপানের কর্তৃপক্ষ বলেছে এর তীব্রতা ৭.৪। জিরো হেডজ।