
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কালো টাকা, দুর্নীতির মোকাবিলা করা যাবে বলে সওয়াল করে নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলেছেন ইতিমধ্যেই। এবার নোট বাতিলে বিপাকে পড়া গরিব মানুষের দুর্ভোগ কমাতে তাঁদের জন্য বিশেষ ত্রাণ ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দিলেন রতন টাটা।
ট্যুইট করে টাটা সন্স-এর চেয়ারম্যান বলেছেন, সরকার নতুন নোট সরবরাহের জন্য যথাসাধ্য চেষ্টা করছে বটে, তবে জাতীয় বিপর্যয়ের সময় যে ধরনের পদক্ষেপ করা হয়ে থাকে, সেরকমই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হোক যাতে সমাজের দুর্বল অংশের মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটাতে সুবিধা হয়, জরুরি ভিত্তিতে চিকিত্সা বা ছোটখাট হাসপাতালে ডাক্তার দেখানো, এসব করতে পারেন তাঁরা। এটা করা গেলে সত্যিই ভাল হবে। এ ধরনের জরুরি পদক্ষেপ করা হলে তাকে দারুণ ভাবে স্বাগত জানাবেন সমাজের বিপন্ন মানুষজন, তাঁদের এটা মনে হবে যে, সরকার তাঁদের কথা ভাবে, নোট বাতিলের মতো এমন জরুরি কর্মসূচি রূপায়নের সময় সাধারণ মানুষের প্রয়োজন, চাহিদার কথা সরকার ভুলে যায়নি।