News71.com
 International
 25 Nov 16, 03:23 PM
 318           
 0
 25 Nov 16, 03:23 PM

কলম্বিয়ায় বিদ্রোহীদের সাথে নতুন শান্তি চুক্তি স্বাক্ষর

কলম্বিয়ায় বিদ্রোহীদের সাথে নতুন শান্তি চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়া সরকার ও দেশের বৃহত্তম বিদ্রোহী গ্রুপ ফার্ক একটি সংশোধিত শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। গত ২ অক্টোবর এক গণভোটে কলম্বিয়ার জনগণ আগের শান্তি চুক্তি নাকচ করে দেয়।


এবার গণভোটের পরিবর্তে সংশোধিত শান্তি চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসে পেশ করা হয়েছে। এ চুক্তির লক্ষ্য হলো- পাঁচ দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। দেশটিতে দীর্ঘ এই সংঘাতে ২ লাখ ৬০ হাজারের বেশী লোক নিহত এবং অভ্যন্তরীণভাবে লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।


রাজধানী বোগোটায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংশোধিত এ চুক্তি স্বাক্ষরিত এবং পরে তা কংগ্রেসের সভাপতির কাছে হস্তান্তর করা হয়। গত ২৬ সেপ্টেম্বর আগের শান্তি চুক্তি জাকজমকপূর্ণ অনুষ্ঠান করে স্বাক্ষর করা হলেও সেই তুলনায় এবারের অনুষ্ঠান ছিল তুলনামূলকভাবে অনাড়ম্বর।


প্রথম দফার শান্তি চুক্তি অনুষ্ঠানে অনেক আঞ্চলিক রাষ্ট্র প্রধান এবং জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উপস্থিত ছিলেন। আগের শান্তি চুক্তির অনুষ্ঠানে আড়াই হাজারের বেশী লোককে আমন্ত্রণ জানানো হলেও বৃহস্পতিবারের সংশোধিত শান্তি চুক্তি অনুষ্ঠানে মাত্র ৮শ’ লোককে আমন্ত্রণ জানানো হয়।


চুক্তি স্বাক্ষরের পর তিমোচেঙ্কো হিসেবে অধিক পরিচিত ফার্ক নেতা রদ্রিগো লন্দোনো ও প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস করমর্দন করেন। এসময় সেখানে উপস্থিত অতিথিরা হাততালি দিয়ে তাদের দু’জনকে অভিনন্দন জানান।

এ চুক্তি স্বাক্ষরের পর তিমোচেনকো বলেন, দীর্ঘদিনের ‘এ সংঘাতের নিশ্চিত অবসান ঘটিয়ে যাতে আমরা সুশীল আচরণের মধ্য দিয়ে আমাদের মতভেদগুলো দূর করার উদ্যোগ নিতে পারি সে লক্ষেই চুক্তি করা হয়েছে।’

এদিকে এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট সান্তোস বলেন, সংশোধিত এ চুক্তি আগের চুক্তি চেয়ে অনেক ভাল। কারণ প্রথম দফার শান্তি চুক্তি বিষয়ে অক্টোবরে অনুষ্ঠিত গণভোটে দেশের জনগণ যেসব কারণে ‘না’ ভোট দিয়েছিল সেসবের অনেক বিষয় সংশোধিত এ চুক্তিতে সমাধান করা হয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই চুক্তির বাস্তবায়নে কোন বিলম্ব করা হবে না। কারণ এটি বাস্তবায়নে দেরি হলে ফার্কের সাথে আবারো সংঘাত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আগামী সপ্তাহের গোড়ার দিকে এ চুক্তির বিষয়ে কংগ্রেস ভোট দেবে বলে তিনি আশা করছেন। সেখানে চুক্তিটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ কংগ্রেসে সান্তোসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

বিদ্রোহী ও সরকারি আলোচকদের মধ্যে চার বছরের আনুষ্ঠানিক আলোচনার পর এ বছরের গোড়ার দিকে উভয় পক্ষ একটি চুক্তিতে উপনীত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন