
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে চলতি সপ্তাহে কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণকবরগুলো খুঁড়ে ৩২টি লাশ ও ৯টি নরমুণ্ড উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পোচাহুইক্সকো গ্রামের একটি পাহাড়ে ১৭টি গণকবর খুঁড়ে লাশগুলো উদ্ধার করা হয়।
গ্রামটি জিতলা মিউনিসিপালিটির অংশ। ওই অঞ্চলে মাদক চক্রগুলোর মধ্যে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে প্রায়ই সংঘাত-সংঘর্ষ হয়। গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র রবার্তো আলভারেজ বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা।’
তিনি এক বিবৃতিতে বলেন, লাশগুলো সনাক্ত করার জন্য রাজ্যের রাজধানী চিপ্লানসিঙ্গোতে নিয়ে যাওয়া হয়েছে। লাশগুলো ১৭ থেকে ২০ টি কবরে পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তারা কবর খুঁড়ে মৃতদেহগুলো উদ্ধার করেছে।