
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের দুশ্চিন্তা শুরু হয়েছে। ইতোমধ্যে তার জয়ের পর এশিয়ার দেশগুলো হাজার হাজার কোটি ডলার হারিয়েছে।
ট্রাম্পের পূর্বঘোষিত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সার্বভৌম বন্ডের ইল্ড ও ডলারের মান বেড়েছে। এরই প্রভাবে গত দুই সপ্তাহে বৈশ্বিক তহবিলগুলো এশিয়ার উদীয়মান বাজার থেকে প্রায় এক হাজার ১০০ কোটি ডলার সমমূল্যের ইকুইটি ও বন্ড বিক্রি করেছে। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ গেছে ভারত থেকে। এরপরই রয়েছে থাইল্যান্ড। ভারতের বাজার থেকে নিট ১৫০ কোটি ডলারের বন্ড ও ১৪০ কোটি ডলারের ইকুইটি বিক্রি হয়েছে। আর থাইল্যান্ডের বাজার থেকে ২৩০ কোটি ডলার সমমূল্যের বন্ড ও ৫৩ কোটি ৪৩ লাখ ডলার সমমূল্যের স্টক বিক্রি হয়েছে। আর ইন্দোনেশিয়া থেকে ১০০ কোটি ডলারের স্থানীয় ঋণ এবং ৪৪ কোটি ৪২ লাখ ডলারের ইকুইটি বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা।