
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে শুক্রবার ভোরে একটি আন্তঃনগর ট্রেনে অপর একটি ট্রেনকে ধাক্কা দিলে অন্তত ৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলা হয়েছে। টেলিভিশনে বলা হয়, সেমনান প্রদেশে এ দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে। রাজধানী তেহরান ও দ্বিতীয় বৃহত্তম নগরী মাশহাদের মধ্যকার প্রধান রেলপথে দুর্ঘটনাটি ঘটে।
প্রাদেশিক রেড ক্রিসেন্টের পরিচালক হাসান শোকরোল্লাহি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। তিনি আরো বলেন, ‘ট্রেনটিতে আগুন ধরে গেছে। এই দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে আমরা তা জানতে পারিনি।’
দামগান ও সেমনানের মধ্যকার এই স্টেশনটি দুর্গম এলাকায় অবস্থিত। তাই উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘ওই স্টেশনটিতে প্রবেশ করা কঠিন। ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আমরা এখন পর্যন্ত মাত্র একটি হেলিকপ্টারের ব্যবস্থা করতে পেরেছি।