
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের লেসবোস দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ও ছয় বছরের এক শিশু নিহত হওয়ার পর বৃহস্পতিবার একটি আশ্রয় শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ অভিবাসন প্রত্যাশীরা।
পুলিশ জানায়, ৬৬ বছর বয়সী ওই নারী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে নিহত ছয় বছর বয়সী শিশুর মা ও তার ছয় বছর বয়সী সহোদর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এরপর বিক্ষুব্ধ অভিবাসন প্রত্যাশীরা লেসবোসে মোরিয়া শিবিরে আগুন ধরিয়ে দেয়। এতে শিবিরের ব্যাপক ক্ষতি হয়। আগুন নেভাতে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
এ সময় পুলিশ ও শরণার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয় শরণার্থী সামান্য আহত হয়।
পুলিশের এক সূত্র জানায়, বিস্ফোরণের পর বেশ কয়েক শরণার্থী শিবির থেকে পালিয়ে যায়। তবে তারা আবার ফিরে এসেছে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে।
মরিয়া শিবিরের সাড়ে তিন হাজার লোকের সক্ষমতা রয়েছে। তবে ৫ হাজারেরও বেশি মানুষ সেখানে বসবাস করছে। সরকারি তথ্যানুযায়ী, গ্রিসে প্রায় ৬৬ হাজার শরণার্থী বর্তমানে আটকা পড়ে রয়েছে।