
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট গ্রুপের অস্ট্রেলীয় নিয়োগদাতা জঙ্গি নেইল প্রকাশ এখনো জীবিত রয়েছে এবং মধ্যপ্রাচ্যে গ্রেফতার রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম একথা জানায়।
গত মে মাসে অস্ট্রেলিয়া সরকার যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের সিনিয়র নিয়োগদাতা নেইল প্রকাশের নিহত হওয়ার কথা জানিয়েছিল।
ওই সময় অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস জানিয়েছিলেন, ইরাকের মসুল নগরীতে বিমান হামলায় প্রকাশ নিহত হয়।কিন্তু শুক্রবার নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, প্রকাশ এখনো জীবিত রয়েছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র সূত্রের বরাত দিয়ে তারা একথা জানায়।
অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, প্রকাশ কয়েক সপ্তাহ আগে তুরস্ক কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। সন্ত্রাসবাদ দমন বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাইকেল কিনান জানান, সরকার এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় প্রকাশ নিহত হয়েছে ওয়াশিংটনের এমন তথ্যের ভিত্তিতে সরকার গত মে মাসে প্রকাশের মৃত্যুর কথা জানায়।’
প্রকাশের দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ায় হামলার পরিকল্পনা করা এবং প্রচারণা চালানো।
আইএসের আগের নাম উল্লেখ করে মে মাসে ব্রান্ডিস জানান, প্রকাশ ‘আইএসআইএলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সিনিয়র সন্ত্রাসি নিয়োগদাতা ছিলেন।’ ‘সে অস্ট্রেলিয়ার নারী-পুরুষ ও শিশুদের আইএসে নিয়োগ করে তাদেরকে সন্ত্রাসী কর্মকা-ে উদ্বুদ্ধ করতো।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করা প্রকাশ ২০১২ সালে বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে ২০১৩ সালে সিরিয়া যাওয়ার উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করে।