
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার (২৬ নভেম্বর) দেশব্যাপী এক বিক্ষোভ, সমাবেশ হয়েছে।
উল্লেখ্য গত পাঁচ সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের মতে সংঘটিত বিক্ষোভগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ । এ ঘটনায় রাজধানী জুড়ে ২৫ হাজার পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে। পার্কের বিরুদ্ধে কোই সুন সিল নামে তার এক বান্ধবীকে পেছনে থেকে ক্ষমতার অপব্যবহার করতে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে জাতীয় টেলিভিশনে দুইবার ক্ষমা চাইলেও পদত্যাগের বিষয়টি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট।
এদিকে দেশটিতে সহিংস পরিস্থিতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশে গণতন্ত্র আনার লক্ষ্যে ১৯৮০ সালে যে বিক্ষোভ হয়েছিল এটা তাকেও ছাড়িয়ে গেছে বলে অনেকে মত প্রকাশ করেন। কৃষকদের বৃহত্তম সংগঠন কোরিয়ান পিজেন্ট লীগ সিউলে শনিবারের বিক্ষোভ সভায় অংশ নিতে সরকারি ভবনের কাছে কৃষকরা ১ হাজার ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি আনার চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু আদালত ইতোমধ্যেই তাদের এ উদ্যোগে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (২৫ নভেম্বর) কৃষকরা তাদের যানবাহন নিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা চালালে পুলিশের বাধার মুখে পড়ে। এতে দুইপক্ষে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছাড়াও তার অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। তাই ধানের কম মূল্যের প্রতিবাদে কৃষকরা চালের সারি সারি বস্তা রাস্তার ওপর ফেলে রাখে। এতে আদালত তাদেরকে নিষেধাজ্ঞা দেয়। তবে তারা পায়ে হেঁটে এ বিক্ষোভে অংশ নিতে পারবে বলে আদালত জানিয়ে দিয়েছে।
এদিকে দিনের বেলায় বিক্ষোভ করার অনুমতি দিলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তা বন্ধ করার নির্দেশ রয়েছে আদালতের। গত সপ্তাহে প্রায় ৫০ হাজার মানুষ মোমবাতি নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছে। এ সময় রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে সবকিছু স্তিমিত হয়ে পড়ে। দেশটিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু এ ঘটনায় মেয়াদ শেষ হতে দেড় বছর বাকি থাকতেই প্রেসিডেন্ট অভিশংসনের মুখে পড়তে পারেন।