
বেরোবি প্রতিনিধি: শুরু থেকেই শিক্ষক স্বল্পতা, ক্লাসরুম সংকট, বিভিন্ন আন্দোলনে ক্যাম্পাস বন্ধ থাকাসহ নানাবিধ কারণে সেশনজটে ন্যুব্জ হয়ে পড়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে সম্প্রীতি নানান প্রতিকুলতাকে ছাপিয়ে সেশনজট কমিয়ে এগিয়ে যাচ্ছে নতুন এই বিশ্ববিদ্যালয়টি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের মধ্যে ৪-৫টি বিভাগ ছাড়া সবগুলো বিভাগেই দীর্ঘ জট তৈরি হয়েছিল। একই বৎসরে ২-৩ টি ব্যাচও ছিলো কোনো কোনো বিভাগে। খুব বেশি পিছিয়ে পড়েছিল বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভ’ক্ত বিভাগগুলো।
শিক্ষক স্বল্পতা, ল্যাব ও লাইব্রেরি না থাকার কারণে সবথেকে পিছিয়ে পড়েছিল ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগ। প্রায় তিন বছরের জট ছিল বিভাগটিতে। ফলে বারবার আন্দোলনে নামে ওই বিভাগের শিক্ষার্থীরা।
একই অবস্থা ছিল কম্পিউটার সায়েন্স এ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের। শিক্ষার্থীদের আন্দোলনে নিজের কিডনি বিক্রি করে ল্যাব স্থাপনের কথা বলেছিলেন ওই বিভাগের এক শিক্ষক।
এছাড়া দীর্ঘ জটে থাকা বিভাগগুলোর মধ্যে পদার্থ বিজ্ঞান, রসায়ন,পরিসংখ্যান, গণিত, ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগ অন্যতম। জট কমিয়ে আনতে বারবার আন্দোলনে নেমেছে এই বিভাগগুলোর শিক্ষার্থীরা।
বেশকিছুদিন থেকে বিশ^বিদ্যালয় স্থিতিশীল থাকা, বেশ কিছু শিক্ষক নিয়োগ দেয়া ও বিভাগগুলোতে ল্যাব স্থাপন ও ছুটির দিনেও ক্লাস-পরীক্ষা নেয়ায় প্রত্যেকটি বিভাগ জট কমাতে সক্ষম হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সুত্রে জানা যায়, সবেচেয়ে বেশি জট কমিয়েছে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগ।
এ বিষয়ে ওই বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান বলেন, ‘আমাদের বিভাগে অত্যাধুনিক ল্যাব ও একটি সেমিনার লাইব্রেরি স্থাপন করা হয়েছে। সেই সাথে বিভাগের শিক্ষকগণও বেশি আন্তরিক হয়েছে, তারা ছুটির দিনেও ক্লাস পরীক্ষা নিচ্ছেন। ফলে সেশনজন মোটামুটি কমিয়ে এসেেছ। আমরা অল্প সময়ের ব্যবধানে এই বিভাগকে জটমুক্ত করব।’