
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের ঘোষিত নতুন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিষয়ে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান বিক্রম সিং। জাতিসংঘ মিশনে জাভেদ বাজওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার নিরিখে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের কঙ্গো মিশনে বিক্রম সিংয়ের অধীনে কাজ করেছিলেন বাজওয়া। পিটিআইকে দেয়া সাক্ষাতকারে সেনা কর্মকর্তা হিসেবে পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নৈপুণ্যের প্রশংসা করেন। কিন্তু একই সঙ্গে তার বিষয়ে ভারতের ‘সতর্ক’ থাকা উচিত বলে মনে করছেন সাবেক ভারতীয় সেনাপ্রধান ।
বিক্রম সিং বলেন, ‘জাতিসংঘের আওতায় যখন বিশ্বশান্তির লক্ষ্যে কেউ কাজ করতে যায় তখন সেখানে বন্ধুত্বপরায়ণ মনোভাব প্রাধান্য পায়। তবে সেখান থেকে নিজ দেশে ফেরার পর পরিস্থিতি পাল্টে যায়। কারণ তখন দেশের স্বার্থ সবার আগে আসে।’
বিক্রম সিং যোগ করেন, পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর জাভেদ বাজওয়া সেনাবাহিনীর নীতিমালায় কোনও পরিবর্তন আনেন কিনা তার জন্য ভারতের অপেক্ষা করা উচিত ও সতর্কভাবে দেখা উচিত।
উল্লেখ্য, সোমবার জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিশ্চিত করা হয়। সেনাপ্রধান হওয়ার আগে পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় ১০ কোরের কমান্ডার ছিলেন। এটি ভারত-পাকিস্তানের বিবদমান কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় নিয়োজিত। ডন নিউজ জানিয়েছে, কাশ্মীর বিরোধ বিষয়ে তার গভীর অভিজ্ঞতা সত্ত্বেও ভারত থেকে মৌলবাদকে পাকিস্তানের বড় শত্রু মনে করেন।