
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৪ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে। গোলান হাইটসে ইসরাইলি সেনাবাহিনীর উপর গুলির জবাব হিসেবে আজ রবিবার ( ২৭ নভেম্বর ) এই হামলা চালানো হয় বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
প্রতিবেশী সিরিয়ায় গত ৫ বছরব্যাপী গৃহযুদ্ধে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উপর প্রভাব পড়লেও ইসরাইলের উপর কোনো প্রভাব পড়েনি। আজ রবিবার প্রথমবারের মতো আইএস জঙ্গিরা গোলান হাইটসে ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ও মর্টার শেল নিক্ষেপ করে। ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল পিটার লার্নার বলেন, এই হামলার জবাব দিতে ইসরাইলি বিমান বাহিনী হামলাকারী যানবাহনকে লক্ষ্য করে গুলি করে। এই হামলায় যানবাহনের সব যাত্রী নিহত হয়।
ইসরাইলের সেনাবাহিনীর উপর হামলাকারীরা আইএসের স্থানীয় কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানানো হয়েছে বিবৃতিতে। এই হামলায় ইসরাইলি সেনাবাহিনীর কেউ আহত হয়নি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইএসের আক্রমণ নিস্ক্রিয় করে দেয়ার এই অভিযানের প্রশংসা করেছেন। সাপ্তাহিক মন্ত্রীসভার বৈঠকে তিনি বলেছেন, আমরা উত্তরাঞ্চলের সীমান্তে যথেষ্ট প্রস্তুত, এবং সেখানে সিরিয়ার গৃহযুদ্ধকে ব্যবহার করে আইএস কিংবা প্রতিহিংসাপরায়ণ কোনো গোষ্ঠীকে ঘাটি করতে দেয়া হবে না।