
নিউজ ডেস্কঃ নয়াদিল্লিতে ভারতের জাতীয় প্রেসক্লাবে প্রদর্শিত হয়েছে ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতা ও বুদ্ধিজীবী শাহরিয়ার কবির পরিচালিত তথ্যচিত্র 'জার্নি টু জাস্টিস'। গতকাল শনিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী এই প্রদর্শনী হয়। এতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, শাহরিয়ার কবিরসহ দিল্লির শীর্ষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তথ্যচিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের গণহত্যার চিত্র উঠে এসেছে। এতে গণহত্যার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের শাস্তি দাবির কারণ তুলে ধরা হয়। একইসঙ্গে ওই বিচারের ব্যাপারে পশ্চিমা বিশ্বের অনেক দেশের সমালোচনার জবাব দেয়া হয়েছে। অনুষ্ঠানে তথ্যচিত্রের পরিচালক শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করেছে। জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধের দাবিও রয়েছে।