News71.com
 International
 30 Nov 16, 02:27 PM
 319           
 0
 30 Nov 16, 02:27 PM

কাশ্মীরে ফের ভারতীয় সেনাছাউনিতে হামলা।।

কাশ্মীরে ফের ভারতীয় সেনাছাউনিতে হামলা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সেনাছাউনিতে ফের আত্মঘাতী জঙ্গি হামলা হলো। গতকাল মঙ্গলবার ভোরে এ হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছেন। পুলিশের পোশাক পরা কয়েকজন সশস্ত্র জঙ্গি জম্মু শহরের অদূরে নাগ্রোটা সেনাছাউনিতে এই আক্রমণ চালায়। নাগ্রোটায় ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোরের সদর দপ্তর। জায়গাটা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। অসমর্থিত খবর অনুযায়ী, জঙ্গিরা সংখ্যায় ছিল চারজন। তারা সবাই পাল্টা আক্রমণে নিহত হয়েছে।
কাশ্মীরের উরি সেনাছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার মাত্র দুই মাস পর এ হামলা ঘটল।
পাঠানকোটের বিমানবাহিনী ঘাঁটিতে যেভাবে হামলা হয়েছিল, নাগ্রোটা সেনাছাউনিতে হামলা যেন ঠিক তারই প্রতিচ্ছবি। কড়া নজর এড়িয়ে কীভাবে জঙ্গিরা ছাউনিতে ঢুকতে পড়ল, তা তদন্ত করা হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষে জানানো হয়েছে।
নাগ্রোটা সেনাছাউনিতে মোট এক হাজার সেনা কর্মকর্তার বাস। ভোর সাড়ে পাঁচটা নাগাদ আত্মঘাতী জঙ্গিরা ছাউনিতে ঢুকে গ্রেনেড ছুড়তে থাকে ও এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেনারাও পাল্টা গুলি চালান। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা সেনাদের পরিবারের থাকার জায়গায় ঢুকে পড়ে। এতে সৃষ্টি হয় জিম্মি পরিস্থিতির। সেনাদের পরিবারের কেউ কেউ ক্রসফায়ারের মাঝে পড়ে যান। তবে তাঁরা অক্ষত আছেন।
এ ঘটনার পর এলাকার স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়। ছাউনির পাশে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সরকারিভাবে জানানো হয়েছে, প্রায় একই সময়ে দক্ষিণ কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তের কাছে তিনজন সন্ত্রাসবাদী অনুপ্রবেশ করলে সীমান্ত নিরাপত্তা বাহিনী তাদের চ্যালেঞ্জ জানায়। তিনজনেরই মৃত্যু ঘটেছে। বিএসএফের তিনজন আহত হয়েছেন।
যেদিন এ দুই ঘটনা ঘটল, সেদিনই পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। জেনারেল রাহিল শরিফের মেয়াদ বাড়ানো হয় কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে জল্পনা চলছিল। এর অবসান ঘটিয়ে পাকিস্তান সরকার নতুন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার নাম ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন