
আন্তর্জাতিক ডেস্কঃ আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে সিরীয় বাহিনীর মর্টার শেলের আঘাতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এদিকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলায় ৮ জন নিহত হয়েছে।
সিরিয়ান উদ্ধারকর্মীদের দল হোয়াইট হেলমেট জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত জুব আল কুব্বেহ এলাকায় সিরীয় বাহিনীর মর্টার হামলায় ৪৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৫০ জন। সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়াদের অভিযানে গত সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্ব অংশের এক তৃতীয়াংশ পুনরুদ্ধার করেছে।
বিদ্রোহীদের হটাতে সিরীয় সরকারের অভিযানে এখন পর্যন্ত ১৬ হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী কয়েকদিনে অভিযান আরো তীব্রতর হওয়ার মধ্যে আরো কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার আগে আলেপ্পো ছিল সিরিয়ার সবচেয়ে বড় শহর এবং এর বাণিজ্যিক কেন্দ্র। গত চার বছরে এর পূর্ব ও পশ্চিম অংশের নিয়ন্ত্রণে রয়েছে যথাক্রমে বিদ্রোহী ও সরকারের নিয়ন্ত্রণে।