
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ায় গতকাল রবিবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১১ শিশুসহ ১২ জন নিহত ও আরো ২০ জন আহত হয়েছে ।
স্থানীয় জরুরি সেবা সংস্থা জানায়, সাইবেরিয়ার একটি মহাসড়কে বাসের সাথে সামনের দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগে। বাসটিতে ১২ থেকে ১৪ বছর বয়সের ২৯ টি শিশু এবং প্রাপ্ত বয়স্ক ৩জনকে ছিল। ক্রীড়া দলের এসব শিশু অপর এক নগরীতে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত দল জানায়, কুয়াশা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। আজ সোমবার খান্তি-ম্যানসিস্ক জেলায় এক দিনের শোক পালন করা হচ্ছে ।