
আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংডু বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল করায় গত বুধবার রাত থেকে সেখানে ১০ হাজারেরও বেশি যাত্রী আটকা পড়েছে ।
নগর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে, সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। গতকাল দুপুর নাগাদও কুয়াশা পুরোপুরি দূর হয়নি ।
এতে প্রায় ৮ ঘণ্টা ধরে রানওয়ে বন্ধ ছিল। তবে এদিন সকাল ৮টা থেকে স্বল্প পরিসরে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, ১০২টি ফ্লাইট বাতিল করায় সেখানে ১০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েন ।
এছাড়া ঘন কুয়াশার কারণে বিমানবন্দর অভিমুখী অপর ৬০টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণে বাধ্য করা বা ফ্লাইটগুলো যে বিমানবন্দর থেকে ছেড়ে আসে তাদের আবারো সেই বিমানবন্দরে ফেরত পাঠানো হয় ।