
আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী এক্সপ্রেসকে পাস কাটাতে গিয়ে ক্যাপিটাল এক্সপ্রেসকে লুপ লাইনে দাড়ানোর সিগন্যাল দেয়া হয়েছিল ।
তা না মেনেই ট্রেন নিয়ে এগিয়ে যান চালক। কিছুদূর গিয়েই শেষ হয়ে যায় লাইন। তখনই সোজা হাড়িভাঙা নদীতে গিয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন ।
লাইন থেকে ছিঁটকে যায় পরের ২টি কামরাও। গত মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের শামুকতলায় এই ঘটনার পর প্রাথমিকভাবে একে বিশেষ গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ ।
জানানো হয়েছিল দুর্ঘটনায় জখম হয়েছেন ১জন। পরে জানা যায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। আহত ২০ ।
এরপরেই তড়িঘড়ি তদন্তে নেমে চালক ও গার্ডের গাফিলতিকেই এর জন্য দায়ী করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে ।
উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা প্রণবজ্যোতি শর্মা বলেন, রেল কর্মীদের গাফিলতিতেই দুর্ঘটনা হয়েছে। তাই চালক, সহকারী চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে ।
রেল কর্তারা জানান, শামুকতলা জংশন স্টেশনে দু’দিক থেকে দুটি লাইন এসেছে। একটি আলিপুরদুয়ার জংশন থেকে। অন্যটি নিউ আলিপুরদুয়ার থেকে ।
আলিপুরদুয়ার থেকে আসামের দিকে যাচ্ছিল আপ ক্যাপিটাল এক্সপ্রেস। একটু পরেই পাশের লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আপ রাজধানী এক্সপ্রেসের ।
রাজধানী এক্সপ্রেসকে পথ করে দিতে ক্যাপিটাল এক্সপ্রেসকে ৪ নম্বর প্লাটফর্মের ডেথ লাইন এন্ডে দাঁড়ানোর সিগন্যাল দেয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনো কারণে চালক সিগন্যাল বুঝতে না পারায় ট্রেন থামাননি ।
কিছুদূর এগিয়ে লাইন শেষ হয়ে যাওয়ায় ইঞ্জিনটি নদীতে গিয়ে পড়ে। রেলের তদন্তকারী অফিসারদের কয়েকজন জানান, যেহেতু ক্যাপিটাল এক্সপ্রেসের গতি ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটারের বেশি ছিল না সেজন্য ক্ষতির বহর কম হয়েছে ।
না হলে বড় মাপের বিপর্যয় ঘটতে পারত। ওই ট্রেনের যাত্রী ইন্দ্রজিৎ ম-ল আহত হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রয়েছেন ।