
আন্তর্জাতিক ডেস্কঃ ভাই জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিয়েছে, এমনটা সন্দেহ হওয়ায় ভারতের 'অ্যান্টি টেররিস্ট স্কোয়াড' বা এটিএস-এ অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক যুবক। এই তথ্য জানিয়েছেন মুম্বাই এটিএস-এর প্রধান অতুল কুলকার্নি। বিজনেস স্ট্যান্ডার্ড এর এক খবরে প্রকাশ, ভারতের মহারাষ্ট্রের তাবরেজ নুর নামের এক যুবকের বড় ভাই সম্প্রতি মুম্বাই এটিএস-এর কাছে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে তার আইএস-এ যোগ দেওয়ার অভিযোগ করেন।
ওই বড় ভাইয়ের দাবি, তাবরেজ প্রথমে মিশরে গিয়েছিল। সেখান থেকে সে লিবিয়ায় যায়। আর ওইখানেই সে আইএস-এ যোগ দেয়। তার সঙ্গে রয়েছে তার বন্ধু আলি। কর্মসূত্রে আলির সঙ্গে তাবরেজের পরিচয় হয় রিয়াদে। এই আলি আসলে সৌদির বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তাবরেজের নামে ইউএপিএ ধারার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় অবাক পুলিশও। তাবরেজকে নিয়ে মহারাষ্ট্র থেকে মোট ১১ জন যুবক আইএস-এ যোগ দিল।
এর আগে ২০১৪ সালের মে মাসে মহারাষ্ট্রের কল্যাণের আরিব মাজিদ, ফাহাদ সেখ, আমান টান্ডেল ও সাহিম টাঙ্গি ইরাকে চলে যায়। তারা আর ভারতে ফেরেনি। এদের মধ্যে আরিব দেশে ফিরেছে। সে এখন জেলে। টাঙ্গি ও টান্ডেল আইএস-এর হয়ে লড়াই করতে গিয়ে মারা গেছে।
গত মাসে সংসদে ভারত সরকার জানায়, আইএসের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গোটা দেশে মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জনই মহারাষ্ট্রের বাসিন্দা।