
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু শোকে অন্তত ২৮০ জন মারা গেছেন ।
গতকাল শনিবার জয়ললিতার দল এআইএডিএমকে’র সদর দপ্তর থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে ।
৩ দিন আগে এই সংখ্যা ছিল ৭৭ জন। জয়ললিতা তার ভক্তদের কাছে ‘আম্মা’ হিসেবে পরিচিত। এদিকে দলটির নেত্রী হয়েছেন শশীকলা নটরাজন ।
তিনি দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন নতুন সেক্রেটারি পদে নির্বাচনও হতে পারে বলে দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন ।
সূত্রে জানা গেছে , গতকাল এআইএডিএমকে’র নেতৃত্ব জানিয়েছে, জয়ললিতার মৃত্যুর পর কেবল শোকেই মারা গেছেন ২০৩ জন। তবে সব মিলে মৃতের সংখ্যা ২৮০ ।
চেন্নাই, ভেলোর, তিরূপুর, কৃষ্ণগিরি এবং তিরুভাল্লোরসহ বিভিন্ন স্থান থেকে দলের সদর দপ্তরে মৃতের খবর পাঠানো হয়েছে। দলটি আগেই মৃতদের পরিবারের জন্য ৩ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে ।
গত ২২শে সেপ্টেম্বর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন জয়ললিতা। ৪ই ডিসেম্বর তিনি হূদরোগে আক্রান্ত হন। এরপর ৫ই ডিসেম্বর রাতে তিনি মারা যান ।