
আন্তর্জাতিক ডেস্ক: আইএসআই প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল লে.জে. রিজওয়ান আখতারকে। গতকাল রবিবার গভীর রাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সরিয়ে দিয়েছে আইএসআই প্রধানকে ।
একই সঙ্গে বদলি করা হয়েছে কয়েকজন সেনা কর্তাকে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের প্রধান ছিলেন রিজওয়ান আখতার। তিনি সদ্য সাবেক সেনাপ্রধান রাহিল শরিফের ঘনিষ্ট ।
সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন রাহিল শরিফ। তার স্থানে এসেছেন জেনারেল কামার বাজওয়া ।
জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হানার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে অভিযান চালায় ভারতীয় কমান্ডোরা। সেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর ধাক্কায় পাকিস্তানের সেনা মহল পুরোপুরি মুষড়ে পড়ে ।
যদিও অভিযানের কথা অস্বীকার করেছে পাক সরকার। দেশের মাটিতে ভারতীয় কমান্ডো অভিযানের দায় নিয়েই মেয়াদ শেষ করেছেন রাহিল শরিফ ।
তখনই আইএসআই প্রধানের অপসারণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। গতকাল রবিবার তা পূর্ণতা পেল। রিজওয়ান আখতার ২০১৪ সালে আইএসআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেন ।
তার আমলেই পাকিস্তানে একাধিক ভয়ঙ্কর নাশকতা হয়েছে। সেই বছরেই পেশোয়ারের আর্মি স্কুলে জঙ্গি হামলায় শতাধিক ক্ষুদে পড়ুয়ার মৃত্যু হয়। একই বছরে বিস্ফোরণে রক্তাক্ত হয় ভারত-পাকিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্ত লাহোরের ওয়াঘা ।
তাতে নিহত হন ৬০ জন। ২০১৬ সালে লাহোরেই ফের ধারাবাহিক বিস্ফোরণ হয়। তাতেও ৭২ জনের মৃত্যু হয়। পেশোয়ারে একের পর এক নাশকতা হয়েছে। বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে করাচি ।
আইএসআইয়ের গাফিলতির কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রিজওয়ান আখতারকে। ভারতের মাটিতে নাশকতার পরিকল্পনা করেছিলেন রিজওয়ান আখতার ।
পরপর হামলা হয় পাঞ্জাবের পাঠানকোট, গুরদাসপুরে। একাধিক নাশকতায় রক্তাক্ত হয় উপত্যকা। জম্মু-কাশ্মীরের উরি সামরিক ছাউনিতে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রত্যুত্তরে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায় ।
পাকিস্তানের সীমান্তের অনেক ভিতরে ঢুকে ধংস করে দেওয়া হয় জঙ্গি শিবির। আইএসআইয়ের মদতেই এই শিবিরগুলি চলত। এভাবে মুখ পুড়বে তা ভাবতেও পারেননি আইএসআই প্রধান। শেষ পর্যন্ত তাকে সরতেই হল ।