News71.com
 International
 13 Dec 16, 12:51 PM
 269           
 0
 13 Dec 16, 12:51 PM

বিমানের উড়োজাহাজে আবারো গোলযোগ ।।

বিমানের উড়োজাহাজে আবারো গোলযোগ ।।

নিউজ ডেস্কঃ  যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বোয়িং ৭৭৭-ইআর৩০০ উড়োজাহাজের জরুরি অবতরণের দুই সপ্তাহের মাথায় ফের যাত্রী নিয়ে মধ্য আকাশে গোলযোগে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট। বিমানের ড্যাশ-৮ টার্বো প্রোটেলার উড়োজাহাজটি গতকাল সোমবার মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতিপথ বদলে ঢাকায় ফিরে আসে। ত্রুটি মেরামতের পর কয়েক ঘণ্টা দেরিতে উড়োজাহাজটি ফের মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করে । 

প্রধানমন্ত্রীকে নিয়ে গত ২৭ নভেম্বর হাঙ্গেরির বুদাপেস্টের পথে রওনা হওয়া বিমানের বোয়িং উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ ওড়ার চার ঘণ্টা পর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণে বাধ্য‘ হয়। মেরামতের পর ওই উড়োজাহাজে বুদাপেস্ট যান তিনি। এই ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঘটনাটির তদন্ত এখনও চলছে। এরইমধ্যে আবার যান্ত্রিক ত্রুটিতে পড়ল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের আরেকটি উড়োজাহাজ।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৬০ ফ্লাইটের ড্যাশ-৮ টার্বো প্রোটেলার উড়োজাহাজটি ৩৮ জন যাত্রী নিয়ে দুপুর দেড়টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা করে। ফ্লাইট যখন চট্টগ্রাম পৌঁছায় তখন ক্যাপ্টেন ককপিটে সিগন্যাল পান, কেবিনে বাতাসের যে চাপ থাকার কথা তার চেয়ে কম আছে অর্থাৎ ‘এয়ার প্রেশার’ কম। এ অবস্থায় ক্যাপ্টেন ইয়াঙ্গুন না গিয়ে ঢাকা ফিরে আসেন। বেলা ২টা ৪৫ মিনিটে ওই উড়োজাহাজ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে জানিয়ে বিমানের এক কর্মকর্তা বলেন, পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে জানানোর পর সেটি ঠিক করা হয়। আবার জাহাজটি বিকাল সাড়ে ৫টায় মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। ‘এয়ার প্রেশার’ কমে গেলে বিমানের যাত্রীদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়ে থাকে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন