
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে কলকাতায় যাচ্ছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ৭২ সদস্যের একটি প্রতিনিধিদল ।
গতকাল সোমবার কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর ফোর্ট উইলিয়ামে সেনা কর্মকর্তা মেজর জেনারেল জেনারেল স্টাফ (এমজিজিএস) আর নাগরাজ এ তথ্য জানান। প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সামরিক বাহিনীর ৩ বিভাগের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতি বছর ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে থাকে ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে ভারতে প্রতিনিধিদল আজ মঙ্গলবার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ৩দিন দেশটির সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তারা। ১৬ই ডিসেম্বর সেনা সদরে ‘বিজয় স্মারক’ এ মূল অনুষ্ঠান হবে। সেখানে ৭১-এর যুদ্ধে শহীদ সৈনিকদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন দু`দেশের প্রতিনিধিরা ।