
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক পুলিশ কুর্দিপন্থী আরো ২ আইনপ্রণেতাকে আটক করেছে। কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২শ’র বেশি লোককে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর ওই দুই এমপিকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড তদন্তের অংশ হিসেবে দুই নারী এমপি কাগলার দেমিরেল ও বেসিমে কনকাকে আটক করা হয়েছে। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দি সংখ্যাগরিষ্ঠ দিয়ারবাকির ও সির্তে এলাকার এমপি ।
কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) এক টুইটার বার্তায় জানায়, আঙ্কারায় পার্টি অফিসের সামনের থেকে আইন বহির্ভূতভাবে দলের পার্লামেন্টারি গ্রুপের প্রধান কাগলার দেমিরেল ও বেসিমে কনকাকে আটক করে পুলিশ। তবে দল কিংবা সংবাদ সংস্থা তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি ।
গত শনিবার ইস্তাম্বুলে জোড়া বিস্ফোরণে ৩৭ পুলিশ কর্মকর্তা ও ৭ বেসামরিক মানুষ নিহত হওয়ার পর তাদেরকে আটক করা হল। কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন (টিএকে) এ হামলার দায় স্বীকার করে। একে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মৌলবাদী অংশ বলে মনে করা হয় ।