
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে ৪ বছর ধরে চলা যুদ্ধ শেষ হয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সমর্থিত সরকারি বাহিনী ।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে ।
আলেপ্পোতে যুদ্ধের অবসান হবার খবর জানান, জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। বিদ্রোহীদের তরফ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে ।
যুদ্ধবিরতি কার্যকর হবার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয় ।
এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে ।
এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ।