
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত খুন হওয়ার ঘটনা তদন্তে রুশ তদন্তকারীদের একটি দল তুরস্কে গিয়ে পৌঁছেছে। আজ মঙ্গলবার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করে হত্যার ঘটনা তদন্তে ১৮ জন তুরস্কে পৌছেছেন ।
গতকাল সোমবার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ একটি আর্ট গ্যালারি পরিদর্শনে গেলে বক্তৃতা দেওয়ার সময় সেখানে পুলিশের একজন সদস্য তাকে গুলি করে হত্যা করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ রাষ্ট্রদূত যখন বক্তব্য রাখছিলেন তখন তার পেছনে ওই পুলিশ দাঁড়িয়েছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী রাষ্ট্রদূতকে লক্ষ্য করে অন্তত ৮টি গুলি ছুঁড়েছে ।
গুলি করার পরপরই ২২ বছর বয়সী বন্দুকধারী মেভলুত মের্ট আটিলিন্টাস হাত উঁচু করে তার পিস্তল উপরে তুলে ধরে সিরিয়ায় রাশিয়ার ভূমিকা, বিশেষ করে আলেপ্পো শহরে রুশ হামলার, প্রতিবাদ জানাচ্ছিলো। এসময় সে আরবি ও তুর্কি ভাষায় চিৎকার করে বক্তব্য রাখছিল। সে আল্লাহু আকবর বলে চিৎকার করে বলতে থাকে, ‘আলেপ্পোকে ভুলে যাবেন না। ভুলে যাবেন না সিরিয়ার কথাও ।’
হত্যাকারী ওই পুলিশ তখন দায়িত্বরত ছিল না। তুরস্কের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এসময় তিনি ছুটিতে ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের পুলিশ ৭জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে হত্যাকারী পুলিশের পরিবারের ৬জন সদস্য। এই হত্যাকাণ্ডের পর রাশিয়া তার দূতাবাসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ।
বলা হচ্ছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এব্যাপারে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার সাথে তুরস্কের সাথে সম্পর্ক নষ্ট করার জন্যেই রুশ রাষ্ট্রদূতের ওপর এই হামলা। হামলাকারী এই পুলিশের সাথে কোনো জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে কী না এবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায় নি ।
হত্যাকাণ্ডের পরপরই রাশিয়া এবং তুরস্ক দুটো দেশের পক্ষ থেকেই এর নিন্দা জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তুরস্কের প্রেসিডেন্ট মতো বলেছেন, দুটো দেশের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে ।