
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার চেষ্টা নস্যাত করে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা । আর এ অভিযোগে গ্লেনডন স্কট ক্রফোর্ড নামে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে ।
ওবামাকে হত্যা পরিকল্পনাকারী শ্বেতাঙ্গদের একটি প্রাচীন গোপন সংগঠন কেকেকে (কু ক্লাক্স ক্ল্যান)-এর সদস্য। তারা শক্তিশালী এক্স-রে প্রযুক্তির রিমোট নিয়ন্ত্রিত অস্ত্র দিয়ে ওবামাকে হত্যার চক্রান্ত করেছিল। এ ঘটনায় জড়িত কে কে কে’র দুই সদস্য ফ্যানাটিক্স গ্লেনডন স্কট ক্রফোর্ড এবং এরিক ফেইটকে ৬ মাসের একটি গোপন অভিযানের পর গ্রেফতার করে। এ সময় তাদের কাছে হাতে তৈরি প্রাণঘাতী এক্স রে উদ্ধার করা হয় ।
ক্রফোর্ড যখন এক্স রে মেশিনের সাথে রিমোট ডিভাইসটির সংযোগ দিচ্ছিলেন ঠিক তখনই হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। অত্যাধুনিক ওই অস্ত্রটি থেকে বিপুল পরিমাণ ভয়ঙ্কর প্রাণঘাতী রশ্মি বের হয়। এটি দূর থেকে রিমোট ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। মার্কিন প্রেসিডেন্টকে এ অস্ত্র দিয়েই হত্যার পরিকল্পনা করা হয়। ইঞ্জিনিয়ার ক্রফোর্ড এফবিআইয়ের কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, তার পরিকল্পনাটির নাম ছিল ‘হিরোশিমা অন আ লাইট সুইচ’ ।
ক্রফোর্ড তার পরিকল্পনা ব্যাখ্যা করে আরও বলেন, প্রাণঘাতী রশ্মি নিক্ষেপকটি তিনি একটি ভ্যানে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। এবং ঠিক যাকে হত্যার জন্য টার্গেট করা হয়েছে তার কাছাকাছি কোন পার্কে সেটি রাখা হবে। এরপর একটি নিরাপদ দূরত্ব থেকে এই প্রাণবিধ্বংসী এক্সরে ডিভাইসটি সক্রিয় করা হবে ।
ওবামাকে কেন প্রথম এবং প্রধান টার্গেট করা হল- এমন প্রশ্নে ক্রফোর্ড বলেন, ওবামাকে তারা হিটলিস্টে রেখেছিলেন কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের অগ্রাধীকার দিচ্ছেন। মার্কিন ডিস্ট্রিক্ট জজ গ্যারি শার্পে তার রায়ে ক্রফোর্ডের সহকারী এরিক ফেইটকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।