
আন্তর্জাতিক ডেস্কঃ সদস্যরাষ্ট্রদের সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তি ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। এ ব্যাংক হবে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি নতুন প্রতিষ্ঠান। স্বল্পোন্নত দেশসমূহের প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরণের একটি উদ্যোগ গ্রহণ করা হল ।
গতকাল শুক্রবার প্রযুক্তি ব্যাংকের চার্টার অনুমোদন অনুষ্ঠানে ভাষণ দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন, এই চার্টার গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছাই প্রতিফলিত হয়েছে ।
অনেক টেকসই উন্নয়ন লক্ষ্য উন্নততর প্রযুক্তির সহজলভ্যতার উপর নির্ভরশীল। কাজেই প্রযুক্তি ব্যাংক অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি হিসেবে প্রযুক্তি ব্যাংক স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেছে। সাধারণ পরিষদের সভাপতি তার ভাষণে জাতিসংঘের ১৯৩টি দেশের ইতিবাচক মনোভাব গঠন এবং সর্বসম্মতিক্রমে সাধারণ পরিষদে প্রযুক্তি ব্যাংকের চার্টার গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন ।
এই ব্যাংক ৪৮টি স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তিগত সুযোগের নতুন দিগন্ত উম্মোচন করবে। এর মাধ্যমে এ সকল দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে পারবে। প্রযুক্তি ব্যাংক স্থাপনের মাধ্যমে প্রথম টেকসই উন্নয়ন লক্ষ্যও অর্জিত হলো ।
প্রযুক্তি ব্যাংককে সহায়তা করার জন্য জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধানে একটি ট্রাস্ট ফান্ডও গঠন করা হয়েছে। এ ব্যাংককে এগিয়ে নিতে ফান্ডে সদস্য রাষ্ট্রসমূহ এবং প্রাইভেট সেক্টরসহ সকলেই অর্থ প্রদান করতে পারবে। প্রযুক্তি ব্যাংকটি তুরস্কের গেবজিতে স্থাপন করা হচ্ছে ।