
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের খ্রিস্টান অধ্যুষিত শহর বারতেল্লায় দুই বছর পর উদযাপন করা হচ্ছে বড়দিন। অক্টোবরে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গিগোষ্ঠীর কবল থেকে ইরাকের এই শহরটি মুক্তি পায়। ২০১৪ সাল থেকে শহরটি দখল করে রেখেছিল এই জঙ্গিগোষ্ঠী ।
বারতেল্লা শহরে বসবাসরত খ্রিস্টানদের জন্য এটি ছিল আবেগঘন এক মুহূর্ত। দুই বছর আগে আইএস জঙ্গিরা এই শহর দখলে নিলে সেখানকার খ্রিস্টান অধিবাসীরা পালিয়ে যায়। ইরবিল শহরের অস্থায়ী ক্যাম্প থেকে তারা নিজ শহরে আসে বড়দিনের প্রার্থনায় অংশগ্রহণের জন্য। বারতেল্লা ছিল ইরাকে আইএস এর গুরুত্বপূর্ণ ঘাঁটি মসুল শহরের নিকটে। শহরটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেখানে মিত্র শক্তির সঙ্গে থেকে আইএসের বিরুদ্ধে এখনও যুদ্ধ করে যাচ্ছে ইরাকি সরকার ।
মসুলের নিকটবর্তী এই শহরে প্রার্থনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ অবস্থান নিয়েছিল মার্ট শমনি চার্চে। আইএস থেকে প্রার্থনায় থাকা মানুষদের রক্ষা করতে ভারি অস্ত্র নিয়ে সেখানে আসে তারা। সিএনএন ।