
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা নিষ্ক্রিয় করতে জার্মানির অগসবার্গ শহর থেকে অর্ধ লক্ষাধিক বাসিন্দা সরিয়ে নেয়া হচ্ছে। বড়দিনের উৎসবমুখর সময়ে দুর্ঘটনা এড়াতে শহরের বাসিন্দাদের জোর করে সরিয়ে নেয়া হচ্ছে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবিস্ফোরিত কোন বোমার কারণে জার্মানিতে এর আগে কোন শহর থেকে এতো লোকজনকে কখনোই সরিয়ে নেওয়া হয়নি। ব্রিটিশ এই বোমাটি ১ দশমিক ৮ টনের। ধারণা করা হচ্ছে, ১৯৪৪ সালে বিমান হামলার সময় মিত্র বাহিনী জার্মানিতে এই বোমাটি ফেলেছিল। ওই বিমান হামলায় পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। ভবন নির্মাণের কাজ করার সময় এই বোমাটি পাওয়া গেছে। পুলিশ বলছে, তারা নিশ্চিত করে জানে না এই বোমাটি নিষ্ক্রিয় করতে কতো সময় লাগতে পারে ।
বোমাটি যেখানে পাওয়া গেছে তার দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত বাড়ি ঘর থেকে সবাইকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, বেশিরভাগ বাসিন্দাই তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়িতে অবস্থান করতে পারেন। তবে লোকজনের থাকার প্রয়োজন হলে তাদের জন্যে কয়েকটি স্কুল এবং স্পোর্টস হলও খুলে দেওয়া হয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন, এর কারণে বড়দিনের উৎসব যে পণ্ড হয়ে গেছে তা নয়। কারণ বেশিরভাগ জার্মানই বড়দিনের উপহার খোলা এবং খাওয়া দাওয়া আগের দিন অর্থাৎ ২৪শে ডিসেম্বরেই সেরে ফেলেন ।