
আন্তর্জাতিক ডেস্কঃ গণতন্ত্রের দেশে ভিআইপি বড় বালাই। সেটা যে কত বড় তা আলাদা করে বলার প্রয়োজন নেই। গত শনিবার চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিলেন দেশেরই এক মুখ্যমন্ত্রী। ইনি তো আবার ভিভিআইপি। তাই অন্য ব্যক্তিকে দিয়ে জুতার ফিতেও বাঁধাতে পারেন। এবং বাঁধালেনও ।
গত শনিবার মহীশূরে নিজের বাড়ি থেকে বেরনোর সময় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-কে দেখা যায় একটি পা বাড়িয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। তাঁর সামনেই নীচে বসে সেই বাড়ানো পায়ের জুতার ফিতে বেঁধে দিচ্ছিলেন এক ব্যক্তি। তাঁকে বাধা দেওয়া তো দূরস্থান, ‘কিছুই হয়নি ভাব’ করে বাকিদের সঙ্গে বাক্যালাপ চালিয়ে যাচ্ছিলেন সিদ্দারামাইয়া ।
কে এই ব্যক্তি? জানা গেছে, তিনি মহীশূরেরই বাসিন্দা এবং সিদ্দারামাইয়ার ‘একনিষ্ঠ’ ভক্ত বলে পরিচিত। সব থেকে বড় কথা তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। ইনি মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন দেখে এগিয়ে গিয়ে এই কাজ করেন। শুধু ফিতেই বেঁধে দেননি, তার আগে হাতে করে জুতাটি পরিয়েও দেন সেই ব্যক্তি। তবে গোটা ব্যাপার নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি সিদ্দারামাইয়া। যদিও এমন নজির নতুন নয়। এর আগেও এরকম ঘটনা প্রকাশিত হয়েছে ।