
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর অশান্ত রাজ্য মিচুয়াকান ও গুয়েরেরোতে প্রতিদ্বন্দ্বী মাদক অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতায় ১৩ জন নিহত হয়েছেন। গতকাল রোববার মেক্সিকোর কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচুয়াকানের পিপি দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জালিসকোর সীমান্তবর্তী জিকুইলপান টাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৬ ব্যক্তির কাটা মুণ্ডু পাওয়া যায়।
ওই এলাকাটি জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে বলে জানা গেছে। মুণ্ডুগুলোর পাশে হুমকি দেওয়া একটি বার্তা পাওয়া গেছে, এতে নিউ মিচুয়াকান ফ্যামিলির (এনএফএম) স্বাক্ষর রয়েছে। এনএফএম অপর একটি প্রতিদ্বন্দ্বী মাদক অপরাধী গোষ্ঠী। এদিকে গুয়েরেরো রাজ্য পুলিশ জানিয়েছে, আতুইয়াক পর্বতমালায় পুলিশ ও মাদক অপরাধীদের মধ্যে গোলাগুলিতে ৭জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩জন পুলিশ কর্মকর্তা।