
আন্তর্জাতিক ডেস্ক : বিমানের ডানায় ত্রুটির কারণে কৃষ্ণসাগরে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছিল ।
বিমানের উদ্ধার করা ব্ল্যাকবক্স বা ফ্লাইট রেকর্ডারে বিধ্বস্ত বিমানের পাইলটদের কথার বরাত দিয়ে এই কথা জানিয়েছে রাশিয়ান মাধ্যম।
সূত্রে জানা গেছে, বিমানের ডানার একটি প্যানেল যেটি বিমানটি আকাশে ভেসে থাকতে সহায়তা করে সেটি অকেজো হয়ে গিয়েছিল। এই কারণে পাইলটরা বিমানের নিয়ন্ত্রণের হারিয়ে ফেলেন ।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ বলে পরিচিত নিউজ ওয়েবসাইট লাইফ নিউজ ওয়েবসাইটে বিমানের ক্রুদের শেষ সময়ের কথোপকথন উদ্ধৃত করা হয় ।
এর আগে রাশিয়ান মাধ্যম প্রচারিত এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং বিমানের সঙ্গে ক্রুদের মধ্যে কথোপকথনের অডিওবার্তায় দেখা যায় কোনো সমস্যা ছিল না ।
কিন্তু গতকাল মঙ্গলবার উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সে রেকর্ড হওয়া অডিওতে নতুন এই ধারণা পাওয়া গেছে। সেখানে দাবি করা হচ্ছে, আকস্মিকভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে ।
গত রবিবার টিইউ-১৫৪ বিমানটি কৃষ্ণসাগরে ৯২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। বিমানে ছিল রাশিয়ার সেনাবাহিনীর জনপ্রিয় কোরাস দল আলেক্সান্দ্রোভ এর ৬৪ জন সদস্য ।
তারা সিরিয়ায় অবস্থানরত রাশিয়ান সেনাবাহিনীর সদস্যদের নববর্ষের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছিলেন। এছাড়াও ছিলেন রাশিয়ার দাতব্য কর্মকাণ্ডের জনপ্রিয় ব্যক্তিত্ব ইয়েলিজাভেতা গ্লিংকাও ছিলেন ।