
আন্তর্জাতিক ডেস্ক : সব থেকে কম খরচে মঙ্গলগ্রহে যান পাঠিয়েছে ভারত। লাল গ্রহকে ঘিরে একপাক প্রদক্ষিণও সেরে ফেলেছে ভারতের মঙ্গলযান ।
এবার সেই রাস্তা ধরেই আরও এক ইতিহাস গড়তে চলেছে ভারত। এবার সরাসরি লাল গ্রহে পা পড়তে চলছে একদল ভারতীয় গবেষকের। তবে সরাসরি মঙ্গল গ্রহে নয় ।
মঙ্গল গ্রহের একটি প্রোটোটাইপে পা রাখবে ভারত। জানা গেছে, মার্স ডেসার্ট রিসার্চ স্টেশনের তৈরি একটি হ্যাবিট্যাট প্রোটোটাইপের উপর এবার গবেষণা করা হবে ।
এর মাধ্যমে মঙ্গলগ্রহের আবহাওয়া সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যাবে। মঙ্গলগ্রহে প্রতিনিয়ত ঘটে চলা ধুলিঝড়ের প্রভাব নিয়েও চলবে গবেষণা ।
একই সঙ্গে মানুষের শরীরে উপস্থিত ব্যাকটেরিয়া মঙ্গলগ্রহের পরিবেশে কতটা ক্ষতি করতে পারে তা নিয়েও পরীক্ষা করা হবে ।
আগামী ২৮শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি, পর্যন্ত চলবে এই অভিযান। আমেরিকার উটা হতে মার্স ডেসার্ট রিসার্চ স্টেশন(এমডিআরএস)-এর অধীনেই হবে এই গবেষণা ।
গত ১৬ বছর ধরে এই প্রোগ্রামটির আয়োজন করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গবেষণা কেন্দ্রটি। প্রায় ১০০০-এর বেশি তরুণ-তরুণী এই প্রোগ্রামটিতে অংশ নিয়েছে। তবে এই প্রথম কোনও ভারতীয় দল এমডিআরএস-এ যাচ্ছে গবেষণা করতে ।
এই গবেষণার পর ভারতের মঙ্গলযাত্রার গোটা বিষয়টি আরও উন্নত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।