
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোটের কায়দাতেই দেশটির নাগরোটা সেনা শিবিরে হামলা চালায় জঙ্গিরা। দেওয়ালের পাশের গাছ বেয়ে উঠে সেনা শিবিরে প্রবেশ করে তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ–র তদন্তে নয়া তথ্য উঠে এল। গোয়েন্দা সূত্রেখবর, বছরের শুরুতে সেনা ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছিলেন আধিকারিকরা। কিন্তু সেনা আবাসের তিনফুট উচ্চতার দেওয়ালের পাশের গাছটিকে কেউ আমল দেননি।
পাঠানকোটের কায়দায় ওই গাছ বেয়ে উঠিছিল জঙ্গিরা। কিছুক্ষণ ঘাপটি মেরে বসে থাকার পর সুযোগ বুঝে সেনা শিবিরের অন্দরে লাফিয়ে নামে। তাদের মধ্যে একজন প্রথমে গ্রেনেড ছোঁড়ে। তারপর সঙ্গীদের আড়াল করতে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এছাড়াও, নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ঢিলেমি চোখে পড়েছে। পাকিস্তানের পূর্ব শিয়ালকোট হয়ে সীমান্ত পেরিয়ে ‘জৈশ ই মহম্মদ’ ভারতে ঢোকার ছক কষছে এবং সেনা ঘাঁটিগুলি তাদের নিশানায় রয়েছে বলে হামলার ৭২ ঘণ্টা আগে খবর পাঠিয়েছিল গুপ্তচর সংস্থা ‘র।’ তাসত্ত্বেও নিরাপত্তায় জোর দেওয়া হয়নি।
নাগরোটা হামলার ২৪ ঘণ্টা পেরনোর আগেই, জম্মুর চামিয়াল জেলায় ‘জৈশ ই মহম্মদ’ সদস্যদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয় সীমান্তরক্ষীবাহিনীর। ৮০ মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথের মাধ্যমে উপত্যকায় ঢোকার চেষ্টা করছিল তারা। সেনা শিবিরের হামলাকারীদের মতোই তাদের কাছ থেকে প্লাস্টিকের হ্যান্ডকাফ, ও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল। নাগরোটার জঙ্গিরাও সুড়ঙ্গপথে প্রবেশ করেছিল। তাহলে কীভাবে সীমান্তবাহিনীর নজর এড়িয়ে গেল? উঠছে প্রশ্ন। এ ব্যাপারে সেনার তরফেও আলাদাভাবে তদন্ত চলছে।
পাঠানকোট হামলার পর ফেব্রুয়ারি মাসে উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করে গভর্নর এন এন ভোহরাকে লিখিত রিপোর্ট দেয় জম্মু–কাশ্মীর পুলিস, সিআরপিএফ, সীমান্তরক্ষাবাহিনী, আইবি এবং র। একমাত্র সেনার তরফেই তা দেওয়া হয়নি। রাজভবনের এক আধিকারিকের দাবি, লিখিত রিপোর্ট না দিলেও, শ্রীনগর ও নাগোরটা সেনা শিবিরের তরফে মৌখিক ভাবে নিশ্চিন্ত করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে খুঁটিয়ে দেখে দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রকের দপ্তরে রিপোর্ট জমা পড়েছে বলে জানায় তারা। ২৯ নভেম্বর নাগরোটা সেনা শিবিরে জঙ্গি হামলায় দুই সেনা আধিকারিক সহ ৭ জনের মৃত্যুর হয়। নিরাপত্তার খামতি ছিল বলে পরে মেনে নেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরও।