
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় এক টনেরও বেশি কোকেন জব্দ করেছে পুলিশ, যার বাজারমূল্য ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সিডনির বাণিজ্যিক জেলেদের মাদকপাচারের বিষয়ে প্রায় আড়াই বছর তদন্ত করে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, গত মার্চে কর্মকর্তারা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতি থেকে ৬০০ কেজি কোকেন জব্দ করে। এগুলো অস্ট্রেলিয়ার বাজারে বিক্রির কথা ছিল। গত রবিবার ব্রুকলিনে এক নৌকা থেকে ৫০০ কেজি কোকেন জব্দ করেছে। এগুলো দক্ষিণ আমেরিকা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে ।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ অ্যাক্টিং অ্যাসিটেন্ট কমিশনার ক্রিস শেহান বলেছেন, অস্ট্রেলিয়ার ইতিহাসে এই কোকেন উদ্ধারের ঘটনা সবচেয়ে বড়। ডিসেম্বরের শুরু থেকে একটি জাহাজের দিকে নজর রাখছিল পুলিশ। বড়দিনের রাতে ঐ জাহাজ থেকে একটি ছোট নৌকা ব্রুকলিনে যায়। কর্তৃপক্ষ ঐ নৌকায় অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে। বাকি ১২ জনকে গত কয়েকদিনে গ্রেফতার করা হয় ।